কুলিয়ারচরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা পর্যায়ের ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুভ উদ্বোধন এবং বন্যাকবলিত কৃষক ও দুস্থদের মাঝে সরকারি নানা সহায়তা বিতরণ করা হয়েছে। ১ সেপ্টেম্বর মঙ্গলবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমের উদ্বোধন ও বিতরণ করেন।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষার্থীদের সাঁতার ইভেন্টের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সংসদ সদস্যের অনুকূলে প্রাপ্ত ক্রীড়া সামগ্রী, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ঢেউটিন ও শুকনো খাবার এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও জিআর চাল বিতরণ করেন।
উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি নিয়মিত ক্রীড়া চর্চার ওপর গুরুত্ব দিয়ে বলেন, তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ক্রীড়াবিদ খুঁজে বের করতে এই ধরনের প্রতিযোগিতা অনন্য ভূমিকা রাখে। শারীরিক ও মানসিক বিকাশে তরুণ প্রজন্মকে খেলাধুলায় যুক্ত থাকার আহ্বান জানান তিনি।
বন্যা পরবর্তী পুনর্বাসন ও সহায়তা বিতরণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব এবং উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতেই এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি ত্রাণ ও প্রণোদনা বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখার জন্য উপস্থিত কর্মকর্তাদের কড়া নির্দেশ দেন, যাতে প্রকৃত ভুক্তভোগী প্রান্তিক চাষিরা অগ্রাধিকার ভিত্তিতে সরকারি সুফল পান।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির দলীয় নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা প্রমুখ।
এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মর্জিনা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আলী জিন্নাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, কুলিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক, ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মালেক ও বেগম নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আবু হানিফসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, অংশগ্রহণকারী শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































